মুক্তিযুদ্ধের যুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, স্বাধীনতা যুদ্ধকালীন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জোনাল কাউন্সিলের চেয়ারম্যান ও বৃহত্তর কুষ্টিয়ার সাবেক গর্ভনর আব্দুর রউফ চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি … রাজিউন)।

শুক্রবার বেলা সাড়ে এগারটায় কুষ্টিয়া পৌর ঈদগাহ ময়দানে তার প্রথম নামাজে জানাযা এবং বাদ জুম্মা তার গ্রামের বাড়ি মিরপুর উপজেলার ছত্রগাছায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আব্দুর রউফ চৌধুরী ১৯৭৩ এর নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ এর নির্বাচনে একই আসনে বিএনপি দল থেকে প্রার্থী হয়ে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।

আব্দুর রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, “ মরহুম আব্দুর রউফ ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একজন সুদক্ষ সংগঠক ও প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন তিনি।”

শোকবার্তায় আব্দুর রউফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান খালেদা জিয়া।

এ ছাড়া পৃথক পৃথক বার্তায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ