স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৪২ বছরে ছাত্রদলের বহু ইতিহাস-ঐতিহ্য রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও ছাত্রদলের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। স্বৈরাচারী সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্বে দেবে ছাত্রদল।

জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের গোডাউন রোড এলাকায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবন এলাকায় এ সভার আয়োজন করা হয়। এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিল। নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়।

সভায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈন উদ্দিন হামিমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। আজ শুক্রবার বাদ আছর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভৈরব গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিএনপির নেতা ফেরদৌস আহমেদ মানিক, সাবেক ছাত্রদলনেতা ফয়েজ আহমেদ, মাহবুব আলম মামুন, আবদুল্লাহ আল খালেদ প্রমুখ।

এমবি