মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতের ইসলামীর স্থানীয় আটজন নারী কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, শুক্রবার (৩০ ডিসেম্বর) জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা শাখার আটজন নারী কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। নিয়মিত কর্যক্রমের অংশ হিসেবে তারা একটি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। কোনো কারণ ছাড়াই পর্দানশীন এসব নারীদের গ্রেফতার সম্পূর্ণ অন্যায়, অমানবিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঘরোয়া বৈঠক থেকে পর্দানশীন নারীদের গ্রেফতারের ঘটনা সরকারের রাজনৈতিক দেউলিয়াপনা ও বাকশালি আচরণের বহিঃপ্রকাশ। সরকারের কাছে নারী-শিশু কেউ নিরাপদ নয়। দীর্ঘদিন যাবৎ মেহেরপুরে সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর যে নির্যাতন চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় নারীদের গ্রেফতার করা হলো।
তিনি বলেন, গ্রেফতার-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে দমানো যাবে না। তাই অবিলম্বে মেহেরপুরে গ্রেফতার জামায়াতের আটজন নারীসহ সারাদেশে গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।-বিজ্ঞপ্তি।
এবিএস





