দলের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানসহ সংগঠনের শীর্ষ নেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে আজ রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী।
এর আগে শনিবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে, নিজেদের দলীয় লোকদের দ্বারা মিথ্যা স্বাক্ষ্য প্রদান করে তাকে মুত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করেছে। সরকার একে একে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার অস্থির হয়ে পড়েছে।
শফিকুর রহমান বলেন, আইন, আদালত ও সংবিধানের তোয়াক্কা না করে ফাঁসি কার্যকরের নামে কামারুজ্জামানকে হত্যা করার জন্য সরকার বেসামাল হয়ে পড়েছে। সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনেষ্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি ফাঁসির দণ্ড স্থগিতের আহবান জানিয়েছেন।
জামায়াত নেতা বলেন, কামারুজ্জামানকে হত্যার সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালন করে জনগণ সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছে। সরকার জনগণের মতামত ও বিশ্বসম্প্রদায়ের অভিমত অগ্রাহ্য করে জনাব কামারুজ্জামানকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে আমরা এই মুহূর্তে তা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। আমরা আশাকরি সরকার চক্রান্ত, ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি পরিহার করে এই মুহূর্তে কামারুজ্জামানকে মুক্তি দিবেন।
তিনি বলেন, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে কোন ধরনের হঠকারি পদক্ষেপ গ্রহণ করে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালালে দেশের সাড়ে ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
ডা. শফিক বলেন, 'জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানসহ শীর্ষ নেতাদের হত্যা করার সরকারী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে আমি আগামীকাল ৯ নভেম্বর রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।
ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহবান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”
এআর





