জ্যৈষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে যারা সরকারের সমালোচনা করেন তাদেরকে সরকার বার্তা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার দুপুরে ঢাকাস্থ সিলেট জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, শফিক রেহমানকে গ্রেফতার করে সরকার বলতে চাচ্ছে, আপনারা যারা এখনও সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাদের অবস্থাও শফিক রেহমানের মত হবে।
তিনি বলেন, এ বার্তা হচ্ছে নুরুল কবির, আসিফ নজরুল, মুর্তজাসহ যারা সরকারের সমালোচনা করেন তাদের জন্য। সরকারের বিরুদ্ধে কথা বললেই ৮২ বছরের শফিক রেহমানের মত গ্রেফতার করা হবে।
এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, কার কাছে অভিযোগ করবেন? শফিক রেহমানের মত ব্যক্তির যখন নিরাপত্তা নেই তখন কে আপনাকে নিরাপত্তা দিবে? এদেশে রাষ্ট্র বলে কিছু নেই, শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ত্বে বিপন্ন হয়ে গেছে সব।
নিখোঁজ থাকা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সরকারের কাছেই আছে বলে দাবি করে তিনি বলেন, ওইদিন সরকারের সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে নিয়ে গেছে। তাই ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে সরকার। সরকারের কাছেই ইলিয়াস আলী আছে। এটা সু-স্পষ্ট।
এসময় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরের মধ্যে আর চিৎকার চেঁচামেচি না করে সত্যিকার অর্থে যদি দাড়াতে পারি তাহলে হয়তো গণতন্ত্র আমরা ফিরে পাব।
আয়োজক সংগঠনের সভাপতি মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির ভাইসচেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ রাজিব আহসান, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।
এইচ ই





