আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের সংবাদ বিএনপির সাজানো নাটক।
শনিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিবিসি বাংলার এই সংবাদে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিবিসির মত একটা অনলাইন নিউজ পোর্টাল একজনের ধার করা ইন্টারভিউ নিয়ে প্রচার করেছে, যা কারো জন্যই কাম্য নয়, সংবাদ জগতের জন্য কাম্য নয়। এটা দুঃখজনক। আমরা এমন সংবাদের অবশ্যই প্রতিবাদ জানাবো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিভিন্ন মিড়িয়ার বদৌলতে এ খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছ। তিনি বলেন, বিএনপির নেতারা লন্ডনে বসে সাফাদির সঙ্গে জয়ের বৈঠক হয়েছে এ নাটক সাজাচ্ছে। বিএনপির নেতা আসলাম চৌধুরী আটক হওয়ার পর তারা যে সরকার উত্খাতের গভীর ষড়যন্ত্র করছিল তার বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে নাটক সাজানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিএনপি ইসরাইয়েলকে নিয়ে গভীর ষযন্ত্র করছে।
হানিফ বলেন, সাক্ষাৎকারটি আমি দেখেছি। এক সাক্ষাৎকারটি নিয়েছে বিএনপির লন্ডন প্রবাসী এক নেতা জ্যাকব মিল্টন। সাক্ষাৎকারটিতে মিল্টন অনেকটা ইচ্ছা করেই সাফাদিকে প্রশ্ন করেন, এর আগে আপনার সঙ্গে বাংলাদেশের কারও সাক্ষাৎ হয়েছে কি না? সাফাদি জবাবে বলেছে, হয়েছে। তার এ ধরণের প্রশ্নে বোঝা যায় এটি সাজানো নাটক।
বিবিসি বাংলায় প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবিসি বাংলার কোন সাংবাদিক সাফাদির সাক্ষাৎকার নেন নাই। তাঁর সাক্ষাৎকারটা নিয়েছে জ্যাকব মিল্টন। সে কে? তারা নাটকটা সিডি বানিয়ে বিবিসি বাংলাকে দিয়েছে এবং তাঁদের ফিচার করতে বলেছে। আর বিবিসি যদি সাক্ষাৎকার নিতো সেটা সাংবাদিকদের নিয়েই নিতো আর নিঃসন্দেহে তাঁর গুরুত্ব থাকতো।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
এমআইএস





