একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ড দেয়ায় তিন দিনের হরতালের ডাক দিয়েছে দলটি।
আগামী ৩০ অক্টোবর এবং ২ ও ৩ নভেম্বর যথাক্রমে বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপি ৭২ ঘন্টার সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল পালনের এই ঘোষণা দিয়েছে জামায়াত।
জামায়াতের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ র্কমসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে মৃত্যুদণ্ডে দন্ডিত করার ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে দেয়া যুক্ত বিবৃতিতে আরও বলা হয়, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য দলটির আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে।
এতে বলা হয়, মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারের পক্ষ যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। যার প্রমাণ তার জন্মস্থান পাবনার একজন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ৩ জন বিশিষ্টি বীর মুক্তিযোদ্ধা। তারা স্বতঃপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য দিয়েছেন সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন, মাওলানা নিজামীর বিরুদ্ধে আনীত অভিযোগের সাথে তার দূরতমো কোন সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়, এরপরও নিজামীকে মৃত্যুদন্ডে দন্ডিত করায় দেশবাসী বিস্মিত, হতবাক ও গভীরভাবে মর্মাহত। এ রায়ে মাওলানা নিজামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। দেশবাসী এ রায় প্রত্যাখ্যান করছে। এ রায়ের বিরুদ্ধে মাওলানা নিজামী উচ্চ আদালতে আপীল করবেন। উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করলে মাওলানা নিজামী অবশ্যই বেকসুর খালাস পাবেন বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি।
সরকারের জুলুম, নির্যাতন ও মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিবৃতিতে হরতালসহ নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়ছে:
১) ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৩১ অক্টোবর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল।
২) ৩১ অক্টোবর শুক্রবার নিজামীর এই মুহূর্তে মুক্তি ও সাবেক আমীর, ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযমের রূহের মাগফিরাত কামনায় দোয়াসহ সরকারের ষড়যন্ত্রের শিকার সকল নেতৃবৃন্দের জন্য দেশব্যাপী দোয়ার অনুষ্ঠান।
৩) ১ নভেম্বর মাওলানা নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আটক সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী।
৪) ২ নভেম্বর রবিবার সকাল ৬টা থেকে ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল।
উপরোক্ত কর্মসূচী সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে সফল করে তোলার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণী-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
কেবি





