৪ ও ৫ এপ্রিল বগুড়া, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৩০ জনের অধিক লোক নিহত এবং বহু কাঁচা ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। চৈত্র ও বৈশাখ মাসে বাংলাদেশে কালবৈশাখী ঝড়ে এবং বজ্রপাতে প্রতি বছরই বহু লোক প্রাণ হারায় এবং জনগণের কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে থাকে।
সরকারের আবহাওয়া বিভাগ পূর্বাহ্নেই আবহাওয়ার গতিবিধি ও ঝড়ের পূর্বাভাস সঠিকভাবে দিতে পারলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সহজেই এড়ানো সম্ভব। এ ব্যাপারে সতর্ক ও তৎপর হওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী ও গৃহ নির্মাণের জন্য সাহায্য পাঠানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এমকে





