জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সংগঠনটির কক্সবাজার জেলা শাখার সাবেক আমীর, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাড‌ভোকেট ছালামতুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।

গতকাল রোববার রাত ৮টা ১০ মিনিটের দিকে চট্টগ্রা‌ম শহরের একটি হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি চার দিন আগে চট্টগ্রামের বাসায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠলেও পরে তার স্বাস্থ্যের অবনতি হয়। রোববার তাকে চট্টগ্রাম শহরের বেসরকারি একটি হাসপতালে ভর্তি করা হয়। ওখানেই তিনি রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অ্যাডভোকেট ছালামতুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে ও কক্সবাজার শহরের জামায়াতে ইসলামীর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।

তিনি জানান, রোববার রাত সোয়া ৮টার দিকে তার বাবা ওই হাসপাতালে ইন্তেকাল করেন। সোমবার বাদ জোহর কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্টিত হবে। জানাজা শেষে শহরের বাহারছড়া বড় কবরস্থানে দাফন করা হবে।

ছালামতুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান। গতকাল রাতে এক শোক বার্তায় তিনি বলেন, অ্যাডভোকেট সালামত উল্লাহ ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। একজন বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি যথাযথ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রসারে তার উজ্জ্বল ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি তার সাংগঠনিক ও পেশাগত জীবনে বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল নেক খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন। তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সকল পর্যায়ের সহকর্মীদের আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা সবরে জামিল দান করুন। আমীন।

অপরদিকে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী এক শোক বার্তায় মরহুমের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

এবিএস