বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখনো সময় আছে আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন ও সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটতে পারে।’

এ সময় দল নির্বিশেষে অসচ্ছল ও অসুস্থ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার করবেন না।’

আজ সোমবার সকালে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং অসচ্ছল, ত্যাগী ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মধ্যে অনুদান বিতরণ এবং প্রয়াত নেতাকর্মীদের স্মরণ সভায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এর মধ্যেই প্রায় সবকিছু পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং গ্যাস সরবরাহ শিগগিরই দেওয়া হবে।’ নোয়াখালীতে এর মধ্যেই বিভিন্ন প্রকল্পে সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ফেনী- চৌমুহনী- সোনাপুর চার লেন প্রকল্প চলমান রয়েছে এবং রেল যোগাযোগ আরো উন্নত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ সেতুমন্ত্রী আরো বলেন, ‘দাগনভূঞা-বসুরহাট-কবিরহাট-সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিররহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।’

একটি দল আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্লজ্জভাবে বলে, তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। অথচ গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।’

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে প্রকাশ্যে ও গোপনে অগণতান্ত্রিক চর্চায় কোনো ফল আসবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে দখলে নেবেন।’

ওবায়দুল কাদের এ সময় বলেন, ‘অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয়, জনগণ তা জানে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে নেতারা হবেন আদর্শগত শিক্ষক, তাঁদের অনুসরণ করতে হবে।’

এএস