বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাতভর মুক্তির দাবি উৎকীর্ণ পোস্টার লাগিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বুধবার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত উত্তরার অলিগলি ঘুরে দেয়ালে দেয়ালে 'খালেদা জিয়ার মুক্তি চাই' লেখা পোস্টার সাঁটিয়েছেন রিজভী।

কবি জসীম উদ্দীন রোডসহ প্রায় প্রতিটি রোডের বিভিন্ন ভবন ও স্থাপনার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ”খালেদা জিয়ার মুক্তি চাই”। এয়ারপোর্ট এলাকায় পোস্টার লাগান তিনি।

এ বিষয়ে রিজভী বলেন, যে মামলায় অন্যরা জামিন পেয়েছেন, সেই একই মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারে আটকে রেখে অমানবিক আচরণ করা হচ্ছে। অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এর আগে বিভিন্ন সময় রুহুল কবির রিজভী রাজধানীর বেশ কয়েকটি জায়গায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছেন।

রিজভী বলেন, দেশে রাজনীতি করার সুযোগ সীমিত। সরকার তাদের অবৈধ গদি রক্ষার জন্য বিরোধীদলকে রাজপথে নামতে দিচ্ছেনা। তারপরও সুযোগ পেলে সাধ্যমতো তা কাজে লাগানোর চেষ্টা করি।

প্রসঙ্গত যে,গত ১৯ মাস যাবত রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। সেখান থেকে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত সংবাদ সম্মেলন করে আসছেন।

এএস