আইনশৃঙ্খলা বাহিনী বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার) দুপুর সোয়া ১২টায় রাজধানীর নয়পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যাল‌য়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, “আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে দলীয় কার্যালয়ে একত্রিত হয়েছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। দলের অনেক নেতাকর্মীকে আটক করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সরকার নির্যাতন চালিয়ে দেশে আবারও একটি অস্থিতীশীল পরিস্থিতি তৈরি করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ কারণেই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হচ্ছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ না করলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই এর দায়ভার নিতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকা‌র চায় উস্কা‌নি ‌দি‌য়ে প‌রি‌স্থি‌তি ঘোলা‌টে ও সংঘাতপূর্ণ কর‌তে। কিন্তু বিএন‌পি শান্তিপূর্ণ কর্মসূ‌চি চা‌লি‌য়ে আস‌ছে। সরকার যে ধরেনের আচরণ কর‌ছে তা‌তে উদ্ভূত প‌রি‌স্থি‌তির জন্য তারাই দায়ী থাক‌বে। তিনি বলেন, “সরকার শা‌ন্তিপূর্ণ কর্মসূ‌চিতে বাধা না দেওয়ার কথা বল‌েছে, কিন্তু কা‌লো পতাকা প্রদর্শ‌নের ম‌তো কর্মসূ‌চি‌তে আক্রমণ চালিয়ে তারা প্রমাণ ক‌রে‌ছে তারা যে গণতন্ত্রের কথা বলে তা মুনা‌ফেকি গণতন্ত্র।”

অনুম‌তি না থাকায় কর্মসূচি পালন কর‌তে দেওয়া হয়নি পু‌লি‌শের এমন বক্ত‌ব্যের বিষ‌য়ে জানতে চাইলে মির্জা ফখরুল ব‌লেন, “সব কর্মসূ‌চির অনুম‌তি নি‌তে হ‌বে কেন? ফুটপা‌তে দাঁ‌ড়ি‌য়ে কালো পতাকা প্রদর্শন কর‌তে পার‌বে না কেন? এটা তো আমার মৌ‌লিক অধিকার। তাহ‌লে কি ঘ‌রের ম‌ধ্যে কথা বল‌তেও পু‌লি‌শের অনুম‌তি লাগ‌বে?”

সংবাদ স‌ম্মেল‌নে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এই সংবাদ স‌ম্মেলন শেষে দলীয় কাযালয় থেকে বের হওয়ার সময়ই আটক হন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

এমবি