মহান মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক গণসমাবেশের আয়োজন করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের সাথে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা জানান।
এই সমাবেশ থেকে রানা প্লাজার ট্রাজেডি নিয়ে স্মারকলিপি প্রদান ও শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা আসতে পারে বলেও জানান বিএনপির এই নেতা।

পুলিশের অনুমতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোমান বলেন, এই সমাবেশের জন্য সকল প্রস্তুতি শেষ প্রায়। এরই মধ্যে লিফলেট ও পোস্টার ছাপা হয়েছে। আমরা আশা করছি সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাব। যেহেতু এটি একটি আর্ন্তজাতিক দিবস সেহেতু শ্রমিক দলের সমাবেশের অনুমতির বিষয়টি সরকার ইতিবাচক হিসেবে দেখবে। যদিও তারা আমাদের কোন প্রকার মিছিল মিটিং করার অনুমতি দেয় না।
সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ বিভিন্ন অংগ-সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
ঢাকা, এমএইচ, ২৮ এপ্রিল(টাইনিউজবিডি.কম)//এসআর