বিএনপি সন্ত্রাস ছেড়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করতে চাইলে কেউ বাঁধা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার বিকালে রাজধানীর উত্তরার আজমপুরে বিএনপি-জামায়াত ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদের ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা জানান।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতির কাছে ক্ষমা চেয়ে গণতন্ত্রের পথে আসুন। শান্তিপূর্ণ মিছিল করুন কেউ বাঁধা দেবে না। নির্বাচন চাইলে ২০১৯ সালে হবে। আর সেটা শেখ হাসিনার অধীনেই হবে। আপনাদের সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই আসে না। খুনীর সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।
নাসিম বলেন, বেগম খালেদা জিয়া এখন জঙ্গির নেত্রী। মানুষ মারার নেত্রী। আমরা যখন আন্দোলন করতাম তখন রাজপথে নির্যাতিত হয়েছি। নিজেরা মার খেয়েছি। মানুষের উপর নির্যাতন করিনি। আর আজকে মানুষের উপর নির্যতন করছে বিএনপি।
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাহারা খাতুনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ১৪ দলের নেতা এসকে শিকদার, শাহাদাত হোসেন, এম এ আজিজ প্রমুখ।
এমআর/কেএইচ





