দেশের পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (২৯ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আজ (৩০ আগস্ট)) রোববার পাবনা-৪ উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্রি করা হবে।

বিকেল ৫ টা থেকে আড়াই ঘন্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন।

ভার্চুয়াল এই বৈঠকে নিজ নিজ বাসা থেকে অংশ নেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ি পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শুণ্য আসনের নির্বাচনের তফসিল ইতোমধ্যেই ঘোষিত হয়েছে। রোববার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে (সকাল ১০টা থেকে বিকেল ৫টা) এ আসনের দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

সোমবার দুপুর ২টার মধ্যে উক্ত ফরম জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীগণকে উক্ত সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেয়ার জন্য অনুরোধ করা করা হয়।

এছাড়া একই দিন সোমবার বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি ইসরাফিল আলম এমপির মৃত্যুতে নওগাঁ- ৬, মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে সিরাজগঞ্জ-১, শামসুর রহমান শরিফ ডিলু এমপির মৃত্যুতে পাবনা-৪, হাবিবুর রহমান মোল্লা এমপির মৃত্যুতে ঢাকা-৫ এবং অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়ে যায়।

এমবি