চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে আগামী ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার সকালে মহিউদ্দিন চৌধুরী আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করেন। এসময় তার আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত এ অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে সোমবার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম আতাউর রহমান গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, বিগত তত্তাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
মামলায় মহিউদ্দিনের বিরুদ্ধে ২৮ লক্ষ ২৯ হাজার ২৬৪ টাকা ১৫ পয়সা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং এক লক্ষ ২৩ হাজার ৪৯১ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।
২০০৮ সালের নভেম্বরে দুদকের উপ-পরিচালক মোজাম্মেল হোসেন খান মহিউদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন।
২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি ওই মামলায় মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ৯জনের সাক্ষ্যগ্রহণের পর হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
গত ২৭ নভেম্বর হাইকোর্ট স্থগিত আদেশ তুলে নিয়ে মামলার কার্যক্রম চালানোর জন্য নিম্ন আদালতকে দেয়া নির্দেশ চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে পৌঁছে।
এ আদেশ বিভাগীয় বিশেষ জজ আদালতে পৌঁছার পর সোমবার চারজনের সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্যগ্রহণ চলাকালে এবিএম মহিউদ্দিন চৌধুরী হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
[b]চট্টগ্রাম,২৮জানুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]