বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের ১৭৮ জন চেয়ারম্যান প্রার্থীকে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, এই ভোটারবিহীন সরকার বিচার বিভাগের স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করছে। প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত, সরকারের দুই মন্ত্রীর এমন মন্তব্যের ওপরও কঠোর সমালোচনা করেন তিনি।

তিনি আরো বলেন, সরকার দলীয় নেতকর্মীরা নানা চক্রান্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতিমধ্যেই ফেনী, পটুয়াখালী, খুলনা, ব্রাহ্মণবাড়ীয়াসহ বেশ কিছু জেলায় বিএনপি সমর্থিত প্রর্থীদের মনোনয়নপত্র জোর করে প্রত্যাহার করিয়েছে। যার ফলে আজ বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন থেকে বঞ্চিত রয়েছেন।

গতকাল মিরপুর স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালের টিকিট সংগ্রহ করাকে কেন্দ্র করে সাধারণ জনতার ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার যে দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায় এটি তার আরেকটি প্রমাণ। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য হাতিয়ার হিসেবে লাঠি আর বন্দুক ব্যবহার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

এদিকে আগামী ১৬ মার্চ থেকে কাউন্সিলর কার্ড সংগ্রহ করার নির্দেশ দিয়ে সারাদেশের কাউন্সিলরদের কাছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি গেছে বলেও জানান তিনি।

এমই