আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারই পারে জনগণের অধিকারে আদায় করতে।

মঙ্গলবার বিকালে রাজধানীর টিসিবি ভবনের নিজ কার্যালয়ে রায় পরবর্তী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বাংলাদেশের যতগুলো অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বেই এসেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারই বাংলাদেশের সকল অর্জনের নেতৃত্ব দিয়েছে।’

তিনি বলেন, ‘সমুদ্র সীমা নিয়ে অতীতে কেউ কথা বলেনি। আওয়ামী লীগই সমুদ্র সীমা নিয়ে কথা বলেছে। এর আগে আমরা মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে লড়াইয়ে জয়লাভ করেছি।

এই সংসদ সদস্য বলেন, ‘এর মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের অধিকার আদায়ে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এ বিজয়ের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কূটনৈতিক দক্ষমতার পরিচয় দিয়েছে।’

এখন বাংলাদেশ কি তিস্তাসহ অন্যান্য নদীর পানির নায্য হিস্যা আদয়ে আন্তর্জাতিক আদালতে যাবে? এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘সেই সময় এখনো হয়েছে বলে আমি করি না। ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি নিয়ে অনেক আন্তরিক ছিল। তবে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে এ চুক্তি করা সম্ভব হয়নি। ভারতে এখন নতুন সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করি তাদের সঙ্গে আলোচনা করেই এসব সমস্যার সমাধান হবে।’

প্রসঙ্গত মিয়ানমারের পর এবার ভারতের সঙ্গেও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় জয়ী হয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের হেগ এ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতের (পিসিএ) রায়ে বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটারের মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার সামুদ্রিক ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ।

ঢাকা. ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ