বিএনপির পক্ষ থেকে ১ ফেব্রুয়ারি শনিবার ১৯ দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশের জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষ থেকে ডিএমপির কাছে এই আবেদন করা হয়েছে বলে টাইম নিউজকে জানিয়েছেন দলটির ঢাকা মহানগরীর সদস্য সচিব আব্দুস সালাম।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণ এই কর্মসুচির জন্য প্রশাসনের অনুমতি চেয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি প্রশাসন আমাদের অনুমতি দিয়ে সহযোগিতা করবে।
সালাম আরো বলেন, আবেদনে প্রতিবাদ সমাবেশের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং সময় দেয়া হয়েছে দুপুর ২টা।
উল্লেখ্য, ২৯ জানুয়ারি ১৯ দলের কালো পতাকা মিছিলের অনুমতি না দেওয়ায় এবং দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় নেতাকর্মীদের হত্যা ও আহতের প্রতিবাদে সারা দেশে ১ ফেব্রুয়ারি শনিবার ১৯ দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ কর্মসুচি ঘোষণা করেন।
গত বুধবার সন্ধ্যায় দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসুচি ঘোষণা করেন।
এর আগে ২০ জানুয়ারি বিএনপির রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশ কর্মসূচির অনুমতি দিলেও  ২৯ জানুয়ারি রাজধানীতে ১৯ দলের কালো পতাকা মিছিলের অনুমতি দেয়নি ডিএমপি। পরে অবশ্য বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের রাজধানীর প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়।
ঢাকা, এমএইচ, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর