পবিত্র হজ পালন শেষে আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সৌদি আরব থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রবিবার (১৮ সেপ্টেমম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, আগামী ২২ সেপ্টেম্বর বিকেল ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার সফর সঙ্গীদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ এবং গৃহকর্মী ফাতেমা বেগমও একই ফ্লাইটে দেশে ফিরবেন।

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, তারেকের মেয়ে জায়মা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি লন্ডনে ফিরে যাবেন।

প্রসঙ্গত, পবিত্র হজ পালনের জন্য বাদশা সালমান বিন আবদুল আজিজের রাজকীয় অতিথি হিসেবে গত ৭ সেপ্টেম্বর সৌদি আরব যান খালেদা জিয়া।

এমএনজে