বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সেই লক্ষণ স্পষ্ট।’ তিনি অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বাসভবনের সামনে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। জানি না এর কারণ কী। সরকার যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সেই লক্ষণ স্পষ্ট।’

রুহুল কবির রিজভী জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে আসা-যাওয়ার পথে আজ বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের লাঠিপেটায় ৫০ জন আহত হয়েছেন।     

রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়। এ কারণে আওয়ামী লীগ সরকার তা সহ্য করতে পারছে না।’ তিনি আরো বলেন, ‘সরকার একের পর এক কালো আইন তৈরি করছে, যেন তার বিপক্ষে কেউ টু শব্দটি না করতে পারে।’