'দেশ কঠিন সংকটের মধ্যে রয়েছে' বিএনপি নেতাদের এমন দাবিকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশে কোনো সংকট নেই, সংকট আছে বিএনপিতে।
রোববার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, সংকট অবশ্যই আছে, তবে সেটা দেশে নয় বিএনপি’র মধ্যে। কারণ, বিএনপি’র কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই। জনগণ তাদের কাছ থেকে দূরে সরে গেছে। এমনকি তাদের দলও ভেঙ্গে যাচ্ছে। বিএনপি তাদের সংকটকে সরকারের ওপর চাপিয়ে দেওয়ার জন্য এ ধরনের কথা-বার্তা বলছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনায়ক হিসেবে চিহ্নিত করা হবে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, সিঙ্গাপুরের লিকুইনকেও এক সময় একনায়ক বলা হলেও তারা এখন সে দেশের মানুষের কাছে পূজনীয় ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০২১ সালের মধ্যে যদি দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে পারেন তবে এ দেশে শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাসই বলে দেবে শেখ হাসিনার অবস্থান কী হবে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মী ও কুষ্টিয়া চেম্বারের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমআর





