জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ দেশে ‘পরিবর্তন’ চান। তিনি বলেন, যখন ক্ষমতায় ছিলাম, তখন নূর হোসেন ও ডা. মিলন মারা গিয়েছিলেন। এ জন্য স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। এখন কত মায়ের বুক খালি হয়!

শনিবার বিকেলে সিলেটে এক জনসভায় পরিবর্তনের আহ্বান জানিয়ে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, কে কোথায় গুম হয় কেউ জানে না। কেউ গুম হলে পুলিশকে জিজ্ঞেস করলে তারা বলে জানে না। র‍্যাব জানে না। পরে লাশ পাওয়া যায় খালে-বিলে। একদিন মায়েদের চোখের পানিতে ভেসে যাবে দেশ। খবরের কাগজ খুললেই দেখা যায় লাশের বড় মিছিল।

জাপা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করা হবে জানিয়ে এরশাদ বলেন, ‘একজন মানুষ কোটি মানুষকে শাসন করতে পারবে না। প্রদেশ ছাড়া কোনো উপায় নেই। ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার করব। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করব।’

আগামী নির্বাচনের জন্য জাতীয় পার্টি প্রস্তুতি শুরু করেছে জানিয়ে এরশাদ বলেন, ‘একদিন আমাকে ভোট দিয়ে প্রাণে রক্ষা করেছিলেন। আবারও আমাকে জয়ী করে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেবেন।’

জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘জাতিসংঘ মিশনে আর্ম ফোর্স পাঠানো জাতীয় পার্টি সূচনা করেছিল। দেশকে ১৯ জেলা থেকে ৬৪ জেলায় উন্নীত করেছিল জাতীয় পার্টি।’ তিনিও আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সিলেটে আমাদের ৮টি আসন ছিল। আমরা আবার সেগুলো ফিরে পেতে চাই।’

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে জনসভায় স্বাগত বক্তব্য দেন সাংসদ ইয়াহইয়া চৌধুরী। বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সাংসদ কাজী ফিরোজ রশীদ প্রমুখ।

জনসভার আগে এরশাদ ও রওশন এরশাদ নেতা-কর্মীদের নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে জনসভায় যোগ দেন। -প্রথম আলো