বিএনপি বলেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে ক্ষমতাসীনদের ‘সন্ত্রাস-অনিয়ম’ ঠেকাতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভীর অভিযোগ, সকাল থেকে আওয়ামী লীগের ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির নেতা-কর্মী ও এজেন্টদের মারধর করে প্রায় অধিকাংশ কেন্দ্র থেকে বের করে দেয়। দুপুরের পর ককটেল ফাটিয়ে বেপরোয়াভাবে কেন্দ্র দখল করে জাল ভোট দিতে থাকে তারা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে যে ভূমিকা রাখা উচিত ছিল, তা রাখতে ব্যর্থ হয়েছে ইসি।
এ সময় বিএনপির এই নেতা বিভিন্ন কেন্দ্রের অনিয়ম, কেন্দ্র দখল, বহিরাগতদের কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার আলোকচিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘বলা হয়েছে বহিরাগতরা ২৮ তারিখ সিটি এলাকা ছেড়ে যাবেন। আমাদের যেসব নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে গেছেন তারা চলে এসেছেন। তাহলে আজ কী করে বহিরাগতরা সিটি করপোরেশন এলাকায় ঢুকতে পারল, নির্বাচনী কেন্দ্রগুলোতে সন্ত্রাস করল, জাল ভোট করল?’
এ পরিস্থিতিতে নির্বাচনের ফল বিএনপি মেনে নেবে কি না—এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন সংক্রান্ত আরও যেসব বক্তব্য তা আমরা পরে বলব। এখন তাৎক্ষণিক নির্বাচনে যেসব তথ্য পেয়েছি, তা জানালাম।’
সংবাদ সম্মেলনে বিএনপির নেতা আবদুস সালাম, খায়রুল কবির, সৈয়দ এমরান সালেহ, শহীদউদ্দিন চৌধুরী, হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমই





