বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ঈদের আগে সারাদেশে চুরি-ডাকাতি, ছিনতাই মহামারি আকার ধারণ করেছে।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই ‘অবৈধ’ সরকার ভাবছে বিএনপি নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন করে তাদের অপকর্ম আড়াল করে পার পেয়ে যাবে। পৃথিবীর নিষ্ঠুর শাসকরা তাই ভাবে। বিরোধীদের ওপর ঝাপিয়ে পড়ে। কিন্তু এভাবে তারা পার হতে পারবে না।

সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হত্যা গুম করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, পঞ্চদশ সংশধনীতে সর্বশক্তিমান আল্লাহর নাম মুছে ফেলায় লতিফ সিদ্দিকীর মত লোকেরা মহানবী (সা.) হজ ও তাবলীগ নিয়ে এমন আপত্তিকর কথা বলার সাহস করেছে।

বিএনপির এই নেতা বলেন, বিরোধী নেতাকর্মী হত্যা করে সরকার যে রক্তপাতের দৃষ্টান্ত স্থাপন করেছে তাতে টিক্কা খানের পরেই তার (শেখ হাসিনা) স্থান হবে। 

গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) বলেছেন, ‘বিএনপির আন্দোলন কঠোরভাবে দমন করবেন।’ প্রধানমন্ত্রীর ঘোষিত শান্তির যদি এই নমুনা হয় তাহলে কঠোরভাবে আন্দোলনের ভয়াবহতা কি হবে তা সহজেই অনুমান করা যায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যতোই কঠোরভাবে আন্দোলন দমানোর হুমকি দিন না কেন সত্য ও ন্যায়ের সৈনিকেরা মৃত্যু আর নিজেদের ঢেলে দেয়া রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র ও মানুষের স্বাধীনতাকে রক্ষা করবে। আমরা পর্বতের মতো অবিচল থেকে ধ্রুব নক্ষত্রের মতো এগিয়ে যাব।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, জাতীয় অর্থনীতি সরকার লোপাট করছে। সরকারি ব্যাংক, বীমা, শেয়ার মাকের্ট লুটে নিয়ে গেছে। এখন এ গুলোর দায় জনগনের উপর চাপাতে সরকার গ্যাসের দাম বৃদ্ধি করার উদ্যেগ নিয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি করলে সিঙ্গেল ও ডাবল চুলার দুইটিরই দাম দুইগুন বৃদ্ধি পাবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমূখ।

এমএইচ,জেএ