সংবিধান অনুযায়ী ৫ বছর পর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে অশংগ্রহণ করতে বিএনপিকে ঘর গোছানোর জন্য সময় বেঁধে দিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ সময় বেঁধে দেন।
গতকাল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ার আজকের এ সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি।
ঘর গুছিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে খালেদা জিয়ার হুমকির প্রতিক্রিয়ায় মোহাম্মদ নাসিম বলেন, ঘর গোছানোর জন্য পাঁচ বছর সময় দিচ্ছি। এরমধ্যে ঘর গোছাক। তারপর আন্দোলনে নামুক।
তিনি বলেন, ২৯ ডিসেম্বর খালেদা জিয়া আন্দোলনের নামে যে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ ডেকেছিল তখন তার পাশে বাসার কাজের ‘বুয়া’ ছাড়া কেউ ছিল না। এরপর তো খালেদা জিয়ার লজ্জা হওয়া উচিত। আর কি আন্দোলন করবেন তিনি?।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেয়া খালেদা জিয়ার বক্তব্যকে লড়াইয়ের মাঠে পরাজিত সেনাপতির আর্তনাদ বলে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বক্তব্য শুধু মিথ্যাচার নয়, চর্বিতচর্বণ ও পুনরাবৃত্তি। এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি পুরানো স্টাইলে মিথ্যাচার ও বিষেদগার করেছেন। তার বক্তব্য শুনে আমাদের সবার মনে হয়েছে যুদ্ধের ময়দানে পরাজিত সেনাপতির আর্তনাদ। তার মনে একটাই ক্ষোভ কেন পরাজিত হলাম।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া শুধু পরাজিতই হননি, বিরোধী দলের নেত্রীর পদ হারিয়েছেন। অথচ তিনিই সংসদে বলেছিলেন শেখ হাসিনা নাকি বিরোধী দলের নেত্রীই হতে পারবেন না।
তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, নির্বাচন হতে দিবে না, সংসদ বসতে দিবে না। সরকার হয়েছে, পার্লামেন্টে বসেছে- তাই উনার মনে জ্বালা। ভুল পরামর্শ দিয়ে উনার দল, জামায়াত শিবির উনাকে ডুবিয়েছে। তাই তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।
সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখা ও গণতন্ত্র অব্যাহত রাখতে ২৪ জানুয়ারি নির্বাচন করতেই হতো উল্লেখ করে নাসিম বলেন, কত প্রতিকূল অবস্থা, নৈরাজ্য, হত্যা খুন চালিয়ে খালেদা জিয়া নির্বাচন ভুণ্ডুলের চেষ্টা করেছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছে এবং ৫ জানুয়ারি নির্বাচন করেছে। তিনি (খালেদা জিয়া) মানিকগঞ্জ জনসভায় বলেছিলেন নির্বাচন ঠেকাতে অনেককে জীবন দিতে হবে, রক্তপাত হবে- তিনি সেই কথা রেখেছেন। আন্দোলনের নামে মানুষ হত্যা করেছেন।
আওয়ামী লীগ আমাদের সাথে আসন ভাগাভাগি করতে চেয়েছিল খালেদা জিয়ার এমন বক্তব্যে সমালোচনা করে স্বাস্থ্যামন্ত্রী বলেন, এটা খালেদা জিয়ার মিথ্যাচার। তিনি তো মিথ্যাদীর জননী। তার পক্ষেই কেবল এমন কথা বলা সম্বব। আমরা তাকে সর্বদলীয় সরকারে আহ্বান জানিয়ে ছিলাম।
নাসিম বলেন, ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে খালেদা জিয়া কখেনো যাননি। সংবাদ সম্মেলনে এনিয়ে একটি কথাও বলেননি। দুই শ’র বেশি মানুষকে হত্যা ও জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। অথচ তিনি বলছেন তার কর্মীদেরকেই নাকি হত্যা করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান নিয়ে নাসিম বলেন, শান্তির জন্য মাঝেমধ্যে শক্তি প্রয়োগ করতে হয়, আমরা তাই করেছি। তাছাড়া দেশের মানুষ, ব্যবসায়ীসহ অনেকে এটা চেয়েছিল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
তিনশ’ মানুষকে হত্যা করা হয়েছে খালেদা জিয়ার এ অভিযোগের ব্যাপারে নাসিম বলেন, কাউকে খুন করা হয়নি। কেউ গুমও হয়নি। সন্ত্রাসীদের কেউ মারা যায়নি। খুনও হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে মাত্র।
১০ ট্রাক অস্ত্র মামলা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার নীরবতাই সম্মতির লক্ষণ। তাই খালেদা জিয়ারও এ ঘটনার জন্য বিচার হওয়া উচিত।
আস্ফালন ও উস্কানি মুলক বক্তব্য বাদ দিয়ে খালেদা জিয়াকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, তিনশ’ জনকে সরকার ও তার দল আওয়ামী লীগ মেরে ফেলল অথচ মিডিয়া দেখল না। উনি (খালেদা জিয়া) মিডিয়াকে অদক্ষ ও অযোগ্য মনে করেন বলেই এমন কথা বলতে পেরেছেন।
তিনি বলেন, কয়েক দিন পর পর খালেদা জিয়াকে কারণে অকারণে আরো সংবাদ সম্মেলন করতে হবে কারণ উনি তো সংসদে নেই। এছাড়া জনগণের দৃষ্টি আকর্ষণের আর কোনো উপায়ও নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেলিন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ
[b]ঢাকা, এমআর, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
রাজনীতি
বিএনপিকে ঘর গোছাতে ৫ বছর সময় দিল আওয়ামী লীগ
সংবিধান অনুযায়ী ৫ বছর পর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে অশংগ্রহণ করতে বিএনপিকে ঘর গোছানোর জন্য সময় বেঁধে দিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ সময় বেঁধে দেন।





