শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনে হালে পানি পাচ্ছে না। তাদের জ্বালাও পোড়াও এবং ধ্বংসাত্বক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের নিয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। কিন্তু এদেশের জনগণ তার সে স্বপ্ন পুরন হতে দেবে না।
সোমবার বিকালে বঙ্গবন্ধুর ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক লীগ আয়োজিত নগরভবন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান মোল্লা এমপি, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, নুরুন ন্নবী চৌধুরী শাওন এমপি, শ্রমিক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়া স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছেন। আর খালেদা জিয়া তাদের ষোলআনা পূর্ণ করেছেন।
তিনি বলেন, জিয়া স্বাধীনতা বিরোধীতাকারী শাহ আজিজকে স্পিকার এবং আব্দুল আলীমদের মন্ত্রী বানিয়ে ছিলেন। জিয়াই মুক্তিযুদ্ধের সাইনবোর্ড ব্যবহার করে মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠা করেছেন। আর খালেদা জিয়া সরাসরি তাদের গাড়িতে পতাকা দিয়েছেন।
আমু বলেন, বিএনপির আন্দোলন মানেই নৃশংসতা। আর নৃশংসতার আন্দোলন জনগণ চায় না। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ জন্যই বারবার দেশে শেখ হাসিনার সরকার দরকার।
তিনি বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখররুলের উদ্দেশে বলেন,আপনি বলেছেন শেখ হাসিনার হাতে রক্ত। আর আমি আমু বলছি, শেখ হাসিনার হাতে শুধু নয়। ১৯৭৫’র পর থেকে তার বুকেও রক্তক্ষরণ হচ্ছে। এই রক্ত নিয়েই তিনি জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। ঘাতকের বার বার হত্যাচেষ্টাও তাকে জনগণ থেকে দূরে রাখতে পারেনি।
ঢাকা, একে, ২৫ আগস্ট ,টাইমনিউজবিডি.কম, এসআর





