সরকারের হামলা, মামলা ও গণগ্রেফতার অভিযান উপেক্ষা করে গণআন্দোলন অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, দেশের জনগণের আন্দোলনে ভীত হয়ে সরকার হামলা, মামলা ও গণগ্রেফতার অভিযান চালিয়ে গণআন্দোলন দমন করার ষড়যন্ত্র করছে। ২০ দলীয় জোটের ঘোষিত অবরোধ কর্মসূচি পালন অব্যাহত রেখে দেশের জনগণ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ সৃষ্টি করেছে। গণপ্রতিরোধে ভীত-সন্ত্রস্ত হয়ে সরকার আজও রাজধানী ঢাকা, রাজশাহী, বরিশাল, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরসহ ২০ দলীয় জোটের শত শত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী।

তিনি বলেন, এভাবে গণগ্রেফতার অভিযান চালিয়ে দেশের জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার ফিরে পাওয়া এবং মিছিল, সভা-সমাবেশ করার অধিকারসহ বাক স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকার গণগ্রেফতার অভিযান চালিয়ে জনগণকে আন্দোলন থেকে বিরত রাখার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ সরকারের সব ষড়যন্ত্র উপেক্ষা করে আন্দোলন অব্যাহত রেখেছে। জনগণ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, সরকার জনগণের মতামতের প্রতি কোনো তোয়াক্কা না করে তাদের ওপর জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অভিযান চালিয়ে তাদের রাজপথে নামতে বাধ্য করেছে। স্বৈরশাসনের কবল থেকে দেশকে উদ্ধারের জন্য দেশবাসীর সামনে আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ২০ দলীয় জোটের নেতৃত্বে রাজপথে অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান। সেই সাথে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

তিনি জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের গ্রেফতারকৃত সব নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

জেআই