বিএনপি ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে গ্রেফতার, তল্লাশি, হয়রানি এড়াতে বিএনপি ও ২০ দলীয় জোটের অধিকাংশ নেতা-কর্মী অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বিএনপি সূত্র।
শনিবার দিনগত রাতে বিএনপি চেয়ারপারসনে গুলশান কার্যালয়ে ব্যারিকেড ও অসুস্থ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গোয়েন্দা পুলিশ নিয়ে যাওয়ার আগে-পরেও পুলিশ এ অভিযান চালায়।
বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ ২০ দলীয় জোটের নেতাদের ভয়-ভীতির মধ্যে রাখতেই এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে দলীয় সূত্র। তবে গ্রেফতার এড়াতে বাসা ছেড়ে অন্যত্র থাকাকে কৌশল হিসেবে দাবি করেছেন নেতারা।
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু বলেন, পুলিশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, হামিদুর রহমান, এছহাক সরকার, জয়নুল আবদিন ফারুক, আ স ম হান্নান শাহ, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, যুবদল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর ও দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনু, ছাত্রদলের সভাপতি রাজিব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, গিয়াস উদ্দিন মামুনসহ অর্ধশতাধিক সিনিয়র ও মধ্যম সারির নেতাদের বাসায় শনিবার হানা দেয় পুলিশ।
কিন্তু গ্রেফতার এড়াতে অধিকাংশই নেতাকর্মীই বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বিএনপির দায়িত্বশীল সূত্র।
শনিবার দিনগত রাতের মতো বেশ কিছুদিন ধরেই পুলিশ বিএনপি নেতাদের বাসায় অতর্কিত অভিযান, তল্লাশি চালিয়ে আসছে।
৫ জানুয়ারি ২০ দলীয় জোটের সমাবেশ বানচাল ও ভয় দেখাতে পুলিশের অভিযান বলেছেন বিএনপি নেতারা। তবে কৌশলগত কারণে বিএনপির সিনিয়র ও মাঝারি নেতারা আত্মগোপনে নয়, বরং স্থান ত্যাগ করেছেন বলেও জানাচ্ছেন তারা।
গ্রেফতার এড়াতে ঘর ছাড়া নেতাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জানা যায়।
রিজভীকে তুলে নিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় কার্যালয় থেকে হেনস্থা করে বের করে দেওয়া হয়েছে কর্মীদের। এসব কারণে আতঙ্কেই কাটছে বিএনপিসহ জোট নেতাদের রাত।
এএইচ





