৫ জানুয়ারীর নির্বাচনের পর এই প্রথম জয়পুরহাটে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সাংগঠনিক সফরের ধারাবাহিকতায় দুই দিনের জন্য উত্তরাঞ্চল যাচ্ছেন বেগম জিয়া।

আগামী ২২ জুন জেলা বিএনপি আয়োজিত জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

কেন্দ্রীয় বিএনপি’র দফতর থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ২১ জুন বিকাল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। গুলশান, টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, বঙ্গবন্ধু সেতু হয়ে রাত ৮টায় বগুড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি।

পর দিন ২২ জুন বেলা ১২টায় বগুড়া সার্কিট হাউজ থেকে বগুড়া মহাস্থান, মোকামতলা, কালাইবাজার হয়ে দুপুর ১টায় জয়পুরহাট সার্কিট হাউজে বিশ্রাম নিবেন। আর বিকাল ৩টায় জয়পুরহাট সরকারি আরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন।

জনসভা শেষে সন্ধ্যা ৬টার দিকে আবারও জয়পুরহাট সার্কিট হাউজে বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তার। পরে সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম খালেদা জিয়া। তবে আসার পথে রাত ১০টায় যমুনা রিসোর্টে ঘণ্টান খানেক যাত্রা বিরতীর কথা রয়েছে তার।

এদিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে,আবহাওয়া জনিত কারণে সময় সূচিতে আংশিক পরিবর্তন আসতে পারে।

ঢাকা, ২০ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস