খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াতের সংস্কৃতি মেনে নিয়েছে বিএনপি। তাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেনি তারা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মানববন্ধনের আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, জামায়াতকে অনুসরণ করে বিএনপি ঘরের মধ্যে দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ দিবসের কার্যক্রম শেষ করেছে। জামায়ত কখনও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে না। খালেদা জিয়া জামায়াতের আচার-অনুষ্ঠান অনুসরণ করতে শুরু করেছে। ভবিষ্যতে তিনি এর থেকে বিরত থাকতে পারবেন না।

চলমান সংকট নিরসনে যারা সংলাপের কথা বলেন তাদের উদ্দেশ্যে কামরুল বলেন, সব সময়ই কিছু জ্ঞানপাপী ও বুদ্ধিজীবী থাকে। ১৯৭১ সালেও কিছু বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এর ধারাবাহিকতায় এখনও কিছু ‘সুশীল বাবু’ সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছে। তারা সংখ্যায় খুব নগণ্য।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির এই কার্যক্রম কোনো রাজনৈতিক সংকট নয়, এটি সন্ত্রাস। তারা কোনো রাজনৈতিক কথা বলে না। আমরা কোনো রাজনৈতিক কথা বললে পাল্টা জবাব আসে না, তাই কথা বলতেও ভালো লাগে না। চলমান সহিংসতা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর উন্নতদেশের মতো বাংলাদেশেও সন্ত্রাস দমন করা হবে।

সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, শাহে আলম মুরাদ প্রমুখ।

এএইচ