জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিমকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে বলে দাবি করেছে দলটি। এর প্রতিবাদে রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

দলটির সিটি আমির রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, সরকার মুখে আইনের শাসনের কথা বললেও মূলত তারা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। সারা দেশেই মানবাধিকার লংঘনের মহোৎসব চলছে।

সংবিধান অনুযায়ী দেশে বহুদলীয় গণতন্ত্র স্বীকৃত হলেও সরকার বিরোধী দলকে রাজপথে কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। বিরোধী দলের জনপ্রিয় নেতাদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করে কথিত রিমান্ডের নামে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে।

ক্ষেত্র বিশেষে কথিত বন্দুক যুদ্ধের কল্পকাহিনী রচনা করে নির্বিচারে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর গুলী চালিয়ে হত্যা করা হচ্ছে।

মূলত সরকার দেশকে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করে বিরোধী দল নির্মূলের জন্য রাষ্ট্র শক্তির অপব্যবহার ও দলীয় সন্ত্রাসীদের বিরোধী দলের উপর লেলিয়ে দিয়েছে। ফলে গোটা দেশই এখন মৃত্যু উপত্যকতায় পরিণত হয়েছে।

তিনি বলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে অসুস্থ মাকে দেখে স্ত্রীসহ ঢাকা ফেরার পথে খিলক্ষেত থানা পুলিশ কথিত তল্লাসীর নামে মাওলানা আব্দুল হালিমকে গ্রেফতার করেছে।

৫৪ ধারায় গ্রেফারকৃত রিমান্ডে নেয়ার বিধান নেই। অথচ নিরীহ ও নিরাপরাধ একজন আলেম দ্বীনের উপর নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালানোর জন্যই তাকে রিমান্ডে নেয়া হয়েছে।

তিনি মাওলানা আবদুল হালিমের গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার রিমান্ড বাতিল করে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তিনি তার গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে আগামীকাল ২৮ সেপ্টেম্বর রোববার ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি সফল করতে নেতাকর্মীসহ নগরবাসীর প্রতি আহবান জানান।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ