জাতিসংঘ আন্ডার সেক্রেটারী জেনারেল ও শান্তি রক্ষা অপারেশন বিভাগের (ডিপিকেও) প্রধান হার্ভ লেডসাস তিন দিনের সফরে আগমীকাল মঙ্গলবার ঢাকা পৌঁছবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে লেডসাস রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

লেডসাসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে সামরিক মোতায়েন উপদেষ্টাসহ জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। তিনি গাজীপুরস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন (বিআইপিএসও) পরিদর্শন করবেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানের বর্তমান ও ভবিষ্যত বিষয়ে বক্তব্য রাখবেন।

সূত্র আরো জানায়, লেডসাস বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং কিভাবে বাংলাদেশ শান্তিরক্ষা অভিযানে আরও বেশি কার্যকর অবদান রাখতে পারে সে বিষয়ে সরকারি নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।

তার এই সফরকালে শান্তি মিশনে ঢাকার অবদানের প্রেক্ষিতে জাতিসংঘ শান্তিরক্ষার ক্ষেত্রে কমান্ডিং নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে বাংলাদেশ থেকে আরো বেশি প্রতিনিধিত্বের জন্য সরকারের প্রতি আহবান জানানো হতে পারে।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর