আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলাম গত ২৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে জামায়াতে ইসলামীকে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন হিসেবে আখ্যায়িত করে “জামায়াত কোথাও আইএস, আল কায়দা, কোথাও তালেবান। তারা মানবতার শত্রু। তারা সারা বিশ্বে যুদ্ধ ঘোষণা করেছে।” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

আজ ৩০ সেপ্টেম্বর এ নিন্দা জানানো হয়।

সৈয়দ আশরাফের বক্তব্যের জবাবে তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, আইএস, আলকায়দা, তালেবান বা অন্যকোন জঙ্গী সংগঠনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সারা বিশ্বে যুদ্ধ ঘোষণা করা এবং মানবতার শত্রু হওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই জনাব সৈয়দ আশরাফুল ইসলাম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশের জনগণ ভাল করেই জানে যে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষকে নির্বিচারে গুলী করে হত্যা করে বাংলাদেশের শান্তিকামী মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।

নিজেদের অপকর্ম থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যেই জনাব সৈয়দ আশরাফুল ইসলাম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্তি করার অপচেষ্টা চালাচ্ছেন। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।”

এসএইচ