রাজাকারদের গাড়িতে পতাকা দেয়া যদি বেগম খালেদা জিয়ার অপরাধ হয়ে থাকে তাহলে জঘন্য রাজনৈতিক নেতা এরশাদের গাড়িতে পতাকা দিয়ে এই সরকার আরো বড় অপরাধ করেছে বলে মন্তব্য বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী’র।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজিত ডা. মিলন দিবসে ‘গণতন্ত্র ও ডা. মিলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘রাজাকার তো প্রমাণিত নয়, এ জন্য খালেদা জিয়াকে দোষ দেওয়া হয়। আর এরশাদ তো প্রমাণিত জঘন্য। এরশাদ বাংলাদেশের ইতিহাসে বিকৃত অধ্যায় রচনা কলেছেন। এ সত্য যদি দেশের ইতিহাস হিসেবে উঠে আসে, তো আমরা আর লজ্জায় মুখ ঢাকতে পারবো না।’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ তাকে (এরশাদকে) যে রকম সম্মান ও সঙ্গ দিচ্ছে এ জন্য তাদের নৈতিকতা বিবর্জিত বললে ভুল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, নির্বাচন কমিশন (ইসি) ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করে ইতিহাস ও জনগণের কাছে অপরাধী হয়ে গেছে। আগামীতে ইতিহাসই এর বিচার করবে।

আলোচনা সভায় বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পদক খাইরুল কবির খোকন, মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

জেআই