দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের সহিংসতা অব্যাহত” শিরোনামে আজ (৭ এপ্রিল) প্রকাশিত রিপোর্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতের সহিংসতা অব্যাহত’ শিরোনামে আজ ৭ এপ্রিল প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের জুলুম-নির্যাতন এবং জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে হরতাল ও মিছিল করে থাকে। আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর হরতাল ও সহিংসতা সৃষ্টির প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামী কখনো হামলা, লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের রাজনীতিতে বিশ্বাস করে না। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠের রিপোর্টে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানো দৈনিক জনকণ্ঠের একটি মজ্জাগত কুস্বভাবে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।

কেএইচ