বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। ঐকমত্য কমিশনে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।’

তবে প্রধান উপদেষ্টা কীভাবে জুলাই সনদ লঙ্ঘন করেছেন, এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি বিএনপি নেতা। দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ দলীয় প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভাষণে তিনি জুলাই সনদ নিয়ে বলেন, ‘রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন করেছে।’

ড. ইউনূস বলেন, ‘এটি বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি (জুলাই সনদ) এরইমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার ওপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একইদিনে অনুষ্ঠিত হবে।’

এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না উল্লেখ করে প্রদান উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি।’

এমএম