৯ মাস পর অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ বৈঠক। আর এই বৈঠকে এরশাদকে বিরোধীদলের নেতা রওশনের জন্য অপেক্ষা করতে হলো ৪০ মিনিট।
জাপা সূত্রে জানা গেছে, এ বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল রবিবার সকাল সাড়ে ১০টায়। কিন্তু বিরোধীদলের নেতা রওশন দেরিতে আসায় বৈঠক শুরু হয় ১১টা ১০ মিনিটে। এরশাদ সাড়ে ১০টায় আসলেও রওশনের জন্য তাকে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট।
বৈঠকে সভাপতিত্ব জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির ৪২ জন প্রেসিডিয়াম সদস্য ও ৪০ জন সংসদ সদস্যের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন মাত্র ৪৬ জন। যাদের বেশিরভাগই সংসদ সদস্য।
বৈঠকে উপস্থিত নেই আগের বৈঠকের আলোচিত নেতা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, এরশাদের ছোট ভাই প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ড. টিআইএম ফজলে রাব্বি, এসএমএম আলম, আহসান হাবিব লিংকন, আতিকুর রহমান আতিক প্রমুখ।
এদের মধ্যে সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জিএম কাদেরসহ প্রায় ২০ জন প্রেসিডিয়াম সদস্য অনুপস্থিত।
জাপার একাধিক নেতা বলেন, মামলা নিয়ে উদ্বিগ্ন এরশাদ এ মুহূর্তে বাঁচার জন্য সরকার ঘনিষ্ঠ জিয়াউদ্দিন বাবলুর দ্বারস্থ হয়েছেন। সরকারের ঘনিষ্ঠ হওয়ায় জিয়াউদ্দিন বাবলুকে সম্প্রতি মহাসচিবও নিয়োগ দিয়েছেন এরশাদ। এর প্রেক্ষিতে ৯ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত-সমালোচিত জাপার প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ বৈঠক।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]