কুমিল্লা জেলার চান্দিনায় পেট্রলবোমা হামলার ঘটনায় জামায়াত-শিবিরকে জড়িয়ে যে সংবাদ ছাপানো হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেন, "কুমিল্লার পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে দু’একটি সংবাদপত্রে ‘কুমিল্লা জেলার চান্দিনায় পেট্রলবোমা হামলার ঘটনা জামায়াত-শিবির ঘটিয়েছে’ মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
নিজেদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, "জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডকে সব সময়ই ঘৃণা করে থাকে। সুতরাং কুমিল্লা জেলার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার প্রশ্নই আসে না। জামায়াত-শিবিরের ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই পুলিশ কর্তৃপক্ষ মিথ্যা বক্তব্য দিয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকা দেয়ার অসৎ উদ্দেশ্যেই এখন পুলিশ কর্তৃপক্ষ উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশের হাতে আটক জনাব আ: রাজ্জাকের কথিত স্বীকারোক্তিমূলক জবানবন্দীর বরাত দিয়ে পুলিশ কর্তৃপক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। ঐ বক্তব্য পুলিশের মনগড়া। এভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
জেডআই





