অধিকার রক্ষার আন্দোলনে ৭১র মত গর্জে ওঠার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
বুধবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান বিজয় দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এম কে আনোয়ার বলেন, ৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে জিয়াউর রহমানের আহবানে যে ভাবে সবাই ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করে দেশ স্বাধীন করেছিলেন এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহবানে সবাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, প্রতিনিয়ত দেশে গুম-খুন হচ্ছে। যারা গুম-খুন করছে তারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগ। তারা আইনের উর্দ্ধে। তাদের বিচার হয় না।
বিশ্বজিতের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। বিশ্বজিতের পরিবার বিচার পায় না। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে সরকার গুম করেছে। আজ পযর্ন্ত তাঁকে আমরা খুজে পাইনি।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেন। আওয়ামী লীগের নেতারা কোথায় ছিলেন তা সবাই জানে। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে স্বেচ্ছায় পাকিস্তানে চলে গিয়েছিলেন।
আনোয়ার বলেন, কারো কথা পছন্দ না হলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা তাদের উপর আক্রমন করেন। মুক্তিযুদ্ধের বীর সেনানী একে খন্দকার, মেজর জলিল, বঙ্গবীর কাদের সিদ্দকীকে ব্যক্তিগত আক্রমন থেকে রেহাই দেননি। তাদেরকে রাজাকার বলেও আওয়ামী লীগ গালি দিয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি জুলফিকার মতিন, দক্ষিণের সভাপতি কাজী আমির খসরু প্রমুখ।
এমএইচ/এসএইচ





