রোহিঙ্গা ইস্যুতে সরকার সুবিধাবাদী ভূমিকা নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই ভূমিকা পরিহার করে সরকারের উচিত হবে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা সংকট নিয়ে প্রস্তাব তোলা। যাতে দ্রুত এ সংকটের সমাধান করা যায়।’
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়। সাইফুর রহমান স্মৃতিপরিষদ এই স্মরণ সভার আয়োজন করে।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান মারা যান।
এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সাইফুর রহমান মৌলভীবাজারের বাহারমর্দান গ্রামে ১৯৩২ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।
তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। তিনি ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন। অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপনের রেকর্ড রয়েছে তার।





