সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব নিখোঁজ হয়ে যাওয়া বর্তমান অবৈধ সরকার কর্তৃক দেশব্যাপী ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দৃষ্টান্ত  উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সব জীবনবিনাশী অপকর্মে শাসকগোষ্ঠী নিজেদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ ছাড়াও পুলিশ-র‌্যাবকে ঘাতক বাহিনীতে হিসেবে ব্যবহার করছে।
মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে বর্তমান ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠী এতটাই সীমা লঙ্ঘন করেছে যে, বিরোধী দলের নেতা-কর্মীদেরকে পৈশাচিকভাবে হত্যা ও অপহরণ করে গুম করা যেন তাদের দৈনন্দিন কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হত্যা ও গুম করে আওয়ামী লীগ নিজেদেরকে রক্ষা করতে পারবেনা।
মির্জা আলমগীর বলেন, বর্তমান অবৈধ সরকারের শাসনামলে কোনো নাগরিকের বাড়ি থেকে বের হয়ে পুনরায় বাড়িতে ফেরার নিশ্চয়তাটুকু অনিশ্চিত হয়ে পড়েছে।
সকল অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে এদেশের সংগ্রামী জনতা এখন ঐক্যবদ্ধ। অচিরেই উচ্ছৃঙ্খল, বেপরোয়া নরঘাতক অবৈধ সরকারের দু:শাসন থেকে মুক্তি পেতে জনগণ ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠীকে উৎখাত করে বিচারের মুখোমুখি দাঁড় করাবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে নিখোঁজ মুজিবুর রহমানসহ তার গাড়ীচালককে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেয়ার জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৪ মে ২০১৪ গণঅনশন শেষে বাড়ী ফেরার পথে ঢাকা মেট্রো: ঘ-২৭-৪৬৯৮ নং গাড়ীসহ সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, তার গাড়ী চালক রেজাউল হক সোহেলসহ নিখোঁজ হন।
[b]ঢাকা, এমএইচ, ৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]