কারাবন্দি বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে তার স্ত্রী আঞ্জুমান আরা আইভী।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের প্রিজন সেলে চিকিৎসাধীন অসুস্থ্য স্বামীকে দেখেতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব দাবী করেন।
তিনি জানান, ডায়াবেটিক, হার্ট, কিডনি, পাকস্থলিসহ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। ৩০ জানুয়ারী থেকে টানা আট মাসের অধিক সময় ধরে কারাগারে বন্দী থাকায় শারীরীক এসব জটিলতা এখন প্রকট আকার ধারণ করেছে। এজন্য তাকে জামিন দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর প্রয়োজন।
তিনি আরো বলেন, সবচেয়ে বড় সমস্যা তার পাকস্থলির। এরশাদবিরোধী আন্দোলনে গুলিতে তার অন্ত্র ছিদ্র হয়ে যায়। সার্জারি করার পরও মাঝে মাঝে সেখানে এক ধরনের ব্লক তৈরি হয়। এতে তার মারাত্মক পেটে পীড়া দেখা দেয়। তখন তিনি কিছুই খেতে পারেন না। শুধু বমি করতে থাকেন। কারাগারে যাওয়ার পর থেকে এ সমস্যা তার বেড়েছে।
তিনি আরো জানান, রিজভী আহমেদকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য চিকিৎসক পরামর্শ দিয়েছেন বিধায় তাকে জামিনে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।
গত ৩০ জানুয়ারি রাতে গ্রেফতার হন রুহুল কবির রিজভী। গ্রেফতার হওয়ার পর একের পর এক মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। ৩৫ দিন রিমান্ডে থাকায় অবস্থায়ই অসুস্থ হয়ে পড়েন তিনি।
রিজভী আহমেদের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট চিকিৎসার নির্দেশ দিলে গত ২২ আগষ্ট কাশিমপুর কারাগার থেকে তাঁকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজনসেলে স্থানান্তর করা হয়।
এমএইচ





