আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড: হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ভেঙে যাওয়ার সানাই বেঁজে উঠেছে। তাদের নেতা মওদূদ আহমেদের বইয়ের লেখায় তা প্রমাণিত হয়েছে। এছাড়া রাতের আঁধারে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছেন। তারা আর বিএনপিতে থাকতে চান না।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নিজামউদ্দিন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির উপদেষ্টা হাজী মোঃ সেলিম এমপি।

হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, বাংলাদেশের অগ্রগতির ধারা রুদ্ধ করতে বেগম খালেদা জিয়া ২০১৩ সালের মতো আবারো নৈরাজ্য ফিরিয়ে আনতে চাচ্ছেন।

তিনি বলেন, ২০ দলীয় জোটে সাতটি দলের হদিস নেই। যেসব দল চলে গেছে তাদের ব্যবহার করার মতো অবস্থাও নেই। কিন্তু তাদের কাছে টানার চেষ্টা করছে বিএনপি। এসবের মধ্য দিয়ে দলটির দৈন্য দশা ফুঁটে উঠেছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ