অনেক মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করছে সরকারের সাথে বিএনপির সমাঝোতা হয়ে গেছে। কিন্তু সরকারের সঙ্গে আমাদের কোনও সমঝোতা হয়নি। যদি কোনও সমাঝোতা হতো তাহলে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া কারবন্দি থাকতেন না। তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (৩০ এপ্রিল) মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আওয়াজ’নামের একটি মানবাধিকার সংগঠন আয়োজিত “উন্নয়নের মৃত্যুকূপে জনজীবন/নুশরাত একটি প্রতিবাদ”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “অনেক মিডিয়া আমার শপথের বিষয়ে সংবাদ প্রচার করছে। আমি কোনও চিঠি দেই নাই। সময়ও চাই নাই। আমার শপথ না নেয়াও দলের একটা কৌশল মনে করতে পারেন।”

তিনি আরও বলে, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়ে আমি কোনও চিঠি দেয়নি এবং কোন সময়ও চায়নি। সবাই শপথ নিয়েছে। কিন্তু আমি শপথ নেইনি। এটা আমাদের দলের সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু হয় না।

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর কোনও নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে। গতকাল থেকে রাজনীতি গরম হয়ে গেছে। এটা নিঃসন্দেহে চমকের মতো সংবাদ। রাজনীতিতে ইউটার্ন মনে করতে পারেন। আমাদের সিদ্ধান্ত অন্যরকম ছিল। একটি কথা যেটা আমরা বিশ্বাস করি, রাজনীতিতে কোনও সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে সেটি সঠিক নয়। তাই শপথের সিদ্ধান্তকে খুব খারাপ সিদ্ধান্ত বলে মনে করি না। আমাদের ন্যূনতম স্পেসটাকে কাজে লাগাতে চাই। সময়ের প্রয়োজনে অনেক কিছু হয়। সময় ঠিক করে দিবে আমাদের সিদ্ধান্ত ভুল নাকি সঠিক। গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকলে কোনও উন্নয়নই কখনও টেকসই হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।  

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক ও নির্বাহী কমিটির সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

এসএম/এমবি