২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে নৃশংসভাবে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের স্মরণে আজ সোমবার দেশব্যাপী আলোচনাসভা ও দোয়া মাহফিল কর্মসূচী পালন করছে জামায়াতে ইসলামী।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান রোববার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, '২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তাণ্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা গণহত্যায় মেতে উঠেছিল।

জামায়াত নেতা আরও বলেন, সেদিন ঢাকা মহানগরীতে মানুষ হত্যা করে মৃত লাশের উপর নেচে নেচে উল্লাস প্রকাশ করেছিল খুনিরা। শেখ হাসিনার নির্দেশে পরিচালিত এই নৃশংস হত্যাকাণ্ডে কেঁদেছে বাংলাদেশ, কেঁদেছে সমগ্র বিশ্ব। সেদিন ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা দেশে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছিল। তাদের এ মানবতা বিরোধী অপকর্ম বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বিবৃতিতে ডা. শফিক বলেন, '২০০৬ সালের ২৮ অক্টোবরে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২৭ অক্টোবর সোমবার দেশব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচী ঘোষণা করছি।

এ কর্মসূচী সফল করে তোলার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগীতা কামনা করছি।'

এআর