মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোশাররফ হোসেনের কফিন এসে পৌঁছালে দলীয় পতাকা দিয়ে তা ঢেকে দেয়া হয়।
পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান।

সোমবার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেনী-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দলের নেতাদের শ্রদ্ধা নিবেদনের আগে দলীয় কার্যালয়ের সামনে প্রয়াত নেতার প্রথম জানাজায় অংশ নেন মির্জা ফখরুল, ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল হালিম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, আবুল লতিফ জনি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবুসহ কয়েকশ নেতা-কর্মী। সাবেক সচিব জাফর আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদারও জানাজায় ছিলেন।

এরপর সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মোশাররফ হোসেনের দ্বিতীয় জানাজা হয়। সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ রশীদ, আওয়ামী লীগের শামসুল হক টুকু, জয়নাল হাজারী, বিএনপির আবদুল মঈন খান, আবদুল আউয়াল মিন্টু, ওসমান ফারুক, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, হাবিবুর রহমান হাবিবসহ সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা জানাজায় অংশ নেন।

পরে সেখানে স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ও সংসদের পক্ষে প্রধান হুইপ আ স ম ফিরোজ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর হেলিকপ্টারে করে মোশাররফ হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে নেয়া হয়। সেখানে জোহরের পর স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরেক দফা জানাজা শেষে মরদেহ আবার ঢাকায় আনা হবে। গুলশানের আজাদ মসজিদে শেষ জানাজার পর বিকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৯৬ ও ২০০১ সালে সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন ফেনী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা মোশাররফ হোসেন বিজেএমইএর সভাপতি, জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে ছিলেন। তিনি ছিলেন ইংরেজি দৈনিক ফিনানশিয়াল এক্সপ্রেসের অন্যতম পরিচালক।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই