তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে যারা অশান্তি সৃষ্টি করছে তাদের পক্ষ নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এদিকে নজর না দিয়ে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর যে মানবতাবিরোধী বর্বর হামলা চালাচ্ছে সেদিকে নজর দিন।

জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার দুপুরে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ ও সন্ত্রাসী আমেরিকার মদদপুষ্ট দস্যুরাষ্ট্র ইসরাইলকে রুখে দাঁড়াও’ এই স্লোগান সামনে ঢাকা মহানগর জাসদ এ সমাবেশের আয়োজন করে।

বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ না করে ইসরায়েলিদের হামলা বন্ধের জন্য আমেরিকাকে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে তথ্যমন্ত্রী ইনু বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য মার্কিন রাষ্ট্রদূত ও আমেরিকাকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেননা তাদের মদদেই এই নিকৃষ্টতম হামলা চালানো হচ্ছে।

জাসদ’র সভাপতি হাসানুল হক ইনু বলেন, মার্কিনীরা শুধু জানে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে। মুক্তিযুদ্ধের সময়েও তারা গণহত্যাকারী পাকিস্তানিদের পক্ষ নিয়ে কথা বলেছে। কিন্তু এসব বলে কখনো সফলতা পায় নি তারা।

তিনি আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যেভাবে নারী, বৃদ্ধ, শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করছে, তা মানবতাবিরোধী অপরাধ। আমাদের এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক মীর হোসেন আকতারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক নাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, মহানগর উত্তরের সভাপতি সলিমুল্লাহ প্রমুখ।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই