বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে বিএনপির কয়েকজন নেতাকে ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
বুধবার সকালে আপিল বিভাগের দেয়া রায়ের পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে একাধিকবার ফোন করলেও তাদের ফোন বন্ধ দেখায়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত একমাত্র নেতা দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম খান আজাদ টাইমনিউজবিডি'কে বলেন, এ বিষয়ে প্রতিক্রিয়ার কোনো নির্দেশ এখন পর্যন্ত আসেনি। আসলে আপনাদের জানানো হবে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা দেখা গেছে। জলকামান, প্রিজনভ্যানসহ কার্যালয় এবং বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম খান আজাদ ছাড়া কার্যালয়ে কোনো নেতাকে দেখা যায়নি।
এর আগে বুধবার সকাল ৯টায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের অপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই বছরের ২৯ অক্টোবর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন সাকা চৌধুরী। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।
তার বিরুদ্ধে আনিত চার অভিযোগ হলো- চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তারছেলেকে অপহরণ করে খুন করা।
এক বছর নয় মাস পর আপিলের রায়ে ৩, ৫, ৬ ও ৮ নম্বর অভিযোগের সবগুলোতেই সর্বোচ্চ সাজা বহাল রাখা হয়েছে। ২ ও ৪ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া ২০ বছরের কারাদণ্ডও বহাল রেখেছে আপিল বিভাগ।
তবে ৭ নম্বর অভিযোগে ২০ বছরের সাজার ক্ষেত্রে আপিল মঞ্জুর করে তাকে খালাস দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের দেয়া পাঁচ বছর কারাদণ্ডের রায় বহাল রাখা হয়েছে ১৭ ও ১৮ নম্বর অভিযোগেও।
এমএইচ/ কেএইচ/ এআর





