ইসলাম নিয়ে কটূক্তিকর বক্তব্য দেয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র হজ , হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলিগ জামায়াত সম্পর্কে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের অন্তরে মর্মান্তিক আঘাত হেনেছেন। তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে গুরুতর অপরাধ করেছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, পবিত্র হজ সম্পর্কে গর্হিত মন্তব্য করে লতিফ সিদ্দিকী প্রমাণ করেছেন যে, তিনি ইসলাম ধর্মের একটি স্তম্ভ পবিত্র হজ সম্পর্কে চরম অজ্ঞ। হযরত ইব্রাহীম (আ.) এর আমল থেকে মুসলমানগণ যে পবিত্র হজ পালন করে আসছেন সে সম্পর্কে তিনি তার মন্তব্যে অজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন ও চরম ধৃষ্টতা দেখিয়েছেন।

তিনি আরও বলেন, পবিত্র হজ একটি ফরজ ইবাদাত। কেউ পবিত্র হজের বিরুদ্ধে গর্হিত মন্তব্য করলে তার ঈমান থাকে না। তার এই গর্হিত মন্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১ অক্টোবর বুধবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসী ও জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহবান জানান ডা. শফিক।

জেআই,